সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদ শাহরিয়ারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রুয়েট প্রশাসনের উদ্যোগে তাকে ঢাকায় পাঠানো হয়।
রাফিদ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী। বুধবার রাতে রাজশাহী নগরীর বিনোদপুর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে তার মস্তিষ্কে রক্ত জমে যায় এবং তিনি সংকটাপন্ন অবস্থায় কোমায় রয়েছেন।
বৃহস্পতিবার সকালে রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এবং সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাফিদের চিকিৎসার খোঁজ নেন। তারা হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাথায় গুরুতর আঘাতের কারণে রাফিদের মস্তিষ্কে রক্ত জমেছে। উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে দ্রুত ঢাকায় নেওয়া প্রয়োজন। পরে রুয়েট প্রশাসন তাৎক্ষণিকভাবে আড়াই লাখ টাকা সংগ্রহ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে।
এদিকে রাফিদের চিকিৎসার জন্য রুয়েট প্রশাসন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে চিকিৎসা ফান্ড সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য রুয়েটের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
রাফিদের দ্রুত সুস্থতার জন্য রুয়েট পরিবার ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।





