বিনোদন প্রতিবেদক:
৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়েছে পাঁচটি সিনেমা। এসব ছবির মধ্য থেকে একটি সিনেমা চূড়ান্তভাবে বাছাই করে অস্কারে বাংলাদেশের হয়ে পাঠানো হবে।
জমা পড়া পাঁচ সিনেমা হলো—নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
‘মানুষের বাগান’ সিনেমায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি গল্পের মাধ্যমে সম্পর্ক, জীবনসংগ্রাম ও পারস্পরিক সংযোগ তুলে ধরা হয়েছে। সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও পুরস্কার পেয়েছে।
‘রইদ’-এর গল্প আবর্তিত হয়েছে সাদু ও মানসিক সমস্যায় ভোগা তার স্ত্রীকে ঘিরে। অন্যদিকে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমায় আফগানিস্তানে জিম্মি হওয়া এক বাংলাদেশির বেঁচে থাকার লড়াই তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।
‘দেলুপি’ সিনেমায় খুলনার দেলুটি এলাকার মানুষের জীবন ও বাস্তবতার পাশাপাশি বন্যা, নদীভাঙন, রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার লড়াই ও সম্পর্কের গল্প উঠে এসেছে।
‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমায় একটি কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলকে কেন্দ্র করে হলসংস্কৃতি, র্যাগিং, ছাত্ররাজনীতি ও ক্ষমতার সম্পর্ক ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের অস্কার কমিটির সাত সদস্যের একটি কমিটি সিনেমাগুলো মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্যরা হলেন—সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার পর একটি সিনেমাকে বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে পাঠানো হবে। আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচিত সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।






