নিজস্ব প্রতিবেদক: দ্রুততম সময়ের মধ্যে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে ডায়ালাইসিস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি নার্স ও মেডিকেল টেকনোলজিস্টের জন্য নতুন করে ২ হাজার ৫০০টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।

বর্তমানে ডায়ালাইসিস সেবা মূলত ঢাকা ও বড় শহরকেন্দ্রিক হওয়ায় প্রান্তিক এলাকার রোগীরা ভোগান্তিতে পড়ছেন। তাই জেলা পর্যায়ে সেবা চালুর পর উপজেলা পর্যায়েও ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এদিকে তৃণমূল পর্যায়ে চিকিৎসক সংকট কমাতে প্রবেশনারি চিকিৎসকদের নিজ নিজ উপজেলায় পদায়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগও নেওয়া হয়েছে।