সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুমোদন থাকা প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে পরিচালিত না হলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন দেওয়ার কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান বাড়াতে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আগামী অক্টোবর থেকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে হাসপাতালে একসঙ্গে ১০ জন রোগীকে ডায়ালাইসিস দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আধুনিক প্যাথলজি ল্যাব এবং পুরুষ ও নারীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালু করা হবে।




