আন্তর্জাতিক

ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে

ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

রাজ টাইমস ডেস্ক
- ছবি - ইন্টারনেট

ইরান শান্তি চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী অবিলম্বে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার পেন্টাগনে মার্কিন সামরিক বাহিনী জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হেগসেথ বলেন, ‘ইরান একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারে এবং আমরা আশা করি আপনি ইরানের জনগণের জন্য তাই করবেন। কিন্তু ইরান যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানির ওপর অবরোধ ও বোমা বর্ষণ করা হবে’।

ইরানের অভ্যন্তরীণ সামরিক গতিবিধি মার্কিন নজরদারির মধ্যে রয়েছে দাবি করে তিনি বলেন, ‘এটি কোনো ন্যায্য লড়াই নয় এবং আপনারা কোন সামরিক সরঞ্জাম স্থানান্তর করছেন ও কোথায় নিয়ে যাচ্ছেন, তা আমরা জানি।’

ইরানি নেতাদের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা তোমাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি। আপনারা আপনাদের বাকি লঞ্চার ও মিসাইলগুলো খুঁড়ে বের করছেন ঠিকই, কিন্তু সেগুলো নতুন করে তৈরি বা প্রতিস্থাপন করার ক্ষমতা আপনাদের নেই’।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে পুনরায় প্রস্তুত হচ্ছে বলেও জানান তিনি।

হেগসেথ আরও জানিয়েছেন, ইরানকে চুক্তিতে বাধ্য করতে হরমুজ প্রণালিসহ সমুদ্রপথে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে। যতদিন প্রয়োজন হবে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর এই নৌ-অবরোধ বজায় রাখবে।

যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালিতে নৌ-যান চলাচল নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেছেন তিনি। হেগসেথ বলেন, ‘যেহেতু ইরানের আর কোনো নৌবাহিনী নেই, তাই মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালির যান চলাচল নিয়ন্ত্রণ করছে’।