ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ অর্থনৈতিক যুদ্ধ’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির দাবি, এই নিষেধাজ্ঞা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং বিশ্বের সব স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বাঘেয়ি বলেন, অর্থনৈতিক জবরদস্তি আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুতর অপরাধ। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জাতিসংঘের স্বাধীন সদস্য রাষ্ট্রগুলোর ওপর বহিঃরাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি ব্যর্থ প্রচেষ্টা।
তিনি বলেন, বিদেশি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে তৃতীয় কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য থেকে বিরত রাখার কোনো আইনগত এখতিয়ার অন্য কোনো সরকারের নেই। এ ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই এবং তা জাতিসংঘ সনদের মৌলিক নীতিরও লঙ্ঘন।
ইরানের এই মুখপাত্র আরও সতর্ক করে বলেন, এ ধরনের ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করলে জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। অর্থনৈতিক জবরদস্তির সঙ্গে নৌ অবরোধ যুক্ত হলে অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বও একটি শক্তিশালী দেশের ইচ্ছা ও খেয়ালখুশির ওপর নির্ভরশীল হয়ে পড়বে।
তথ্যসূত্র: আল জাজিরা
আন্তর্জাতিক
মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: তেহরান




