ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৫৭ জন মার্কিন সেনা আহত হয়েছেন। একই সময়ে নিহত হয়েছেন ১৮ জন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যভান্ডারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।।

বুধবার পেন্টাগন ওই তথ্যভান্ডার হালনাগাদ করে। এতে নতুন করে ৫০ জনের বেশি আহত সেনার তথ্য যুক্ত করা হয়েছে। তবে এসব হতাহতের ঘটনা ঠিক কোন সংঘাতে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পেন্টাগন।

এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।

ইরানের সঙ্গে সংঘাত বন্ধে তেহরান ও ওয়াশিংটনের আলোচনায় এখনো অচলাবস্থা রয়েছে। সম্প্রতি পরিস্থিতি ভালো বলে মন্তব্য করলেও পরে ইরানের সঙ্গে আলোচনা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।