আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা ও কুনার প্রদেশে বিমান হামলা চালিয়ে ২৮ জন সন্ত্রাসী নিহতের দাবি করেছে পাকিস্তান। তবে হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন।

পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সোমবার আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে হামলা চালানো হয়। এসব হামলায় সন্ত্রাসীরা নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে তালেবান সরকার জানিয়েছে, কুনার প্রদেশে একটি বাড়িতে চালানো হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। তবে পাকতিকার দুটি স্থানে হামলা হলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

হামলার ঘটনায় পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

এ হামলার মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রায় তিন মাস ধরে চলা শান্ত পরিস্থিতির অবসান ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।