আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে জুমার নামাজের সময় মসজিদ ও পুলিশ কমপ্লেক্সে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোহাটের পুরোনো পুলিশ লাইনস কমপ্লেক্সে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি কমপ্লেক্সের ফটকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। এতে মসজিদের বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটি দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণের স্থানে বড় গর্তও তৈরি হয়েছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের পর বিশেষ শাখার একটি ভবনের কাছে আরও একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এরপর পুলিশ ও কাউন্টার টেররিজম বিভাগের সদস্যদের সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হয়। পুলিশের অভিযানে একজন হামলাকারী নিহত হয়েছেন।

কোহাটের জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ১৫টি মরদেহ ও ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। উদ্ধারকাজের পাশাপাশি পুলিশ কমপ্লেক্সে অভিযান চালাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, আরব নিউজ