জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি মুওয়াফফাক আল-সালতিতে ইরানের হামলায় ৯টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হলেও ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে হামলাটি চালানো হয়। এতে আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে সেগুলো আবারও কাজে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে একটি এ-১০ থান্ডারবোল্টের একটি ডানা ভেঙে যাওয়ায় সেটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
জর্ডানে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানায়। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ইরানের হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র।
এর পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা আটটি তেলবাহী ট্যাংকার ও দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। জর্ডানের মার্কিন বিমানঘাঁটিও এসব হামলার অন্যতম লক্ষ্য ছিল বলে দাবি করেছে তারা।
সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, জর্ডানে ইরানের হামলা প্রতিহত করতে মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে আসায় মার্কিন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।




