গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের যেকোনো উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ব্রিকস জোটের নেতারা। একই সঙ্গে গাজায় চলমান সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধ এবং বেসামরিক জনগণের জন্য নির্বিঘ্নে ত্রাণ সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তারা।
সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতারা ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে জোরপূর্বক স্থানান্তরের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ সদস্য দেশগুলোর শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।
চলমান সংঘাতের মধ্যে বেসামরিক জনগণ ও পারমাণবিক বিদ্যুৎ স্থাপনাকে কোনোভাবেই লক্ষ্যবস্তু না করার ওপরও গুরুত্ব দেন নেতারা।
এ ছাড়া গাজায় দ্রুত ও নিঃশর্তভাবে ত্রাণ সহায়তা পৌঁছানোর পথ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বাস্তবায়নের ওপরও জোর দেন তারা।
গাজায় অবিলম্বে দীর্ঘমেয়াদি ও কার্যকর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন ব্রিকস নেতারা।
তথ্যসূত্র: আল-জাজিরা









