ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার মুখে সৌদি আরবের সামরিক প্রয়োজন দেখা দিলে পাশে থাকার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদিকে সহায়তা করতে প্রস্তুত তারা।
শনিবার তুর্কি সম্প্রচারমাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, সৌদি আরবের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর গুরুতর হামলা হচ্ছে। চুক্তির আওতায় প্রয়োজন হলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সৌদির সামরিক চাহিদা পূরণে তুরস্কের আপত্তি নেই।
গত মাসে তুরস্ক, পাকিস্তান ও সৌদির মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। তবে কীভাবে সামরিক সহায়তা দেওয়া হবে, তার বিস্তারিত এখনো নির্ধারিত হয়নি।
ফিদান বলেন, সৌদি আরব এই সংঘাতের অংশ হতে না চাইলেও তাদের যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়া গ্রহণযোগ্য নয়। সংকট অবসানে বিভিন্ন পক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে হুতিরা জানিয়েছে, তারা সৌদি রাজধানী রিয়াদের ‘সংবেদনশীল’ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলার পর রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আগুন ও ধোঁয়া দেখা যায়।
সূত্র: রয়টার্স




