চীনের পূর্বাঞ্চলীয় শিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করে রাখা একটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে শিংদাওয়ের একটি জাহাজ নির্মাণ ও মেরামত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে ৪২ জন আরোহী ছিলেন।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। আন্তর্জাতিক সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ১৯০ মিটার দীর্ঘ ‘ওশান মেলোডি’ নামের পণ্যবাহী জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য গত ৩১ আগস্ট জাহাজটি শিংদাও বন্দরে এসে নোঙর করেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর জাহাজ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তবে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতি বা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী লি চিয়াং।