ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে রাশিয়ার ওপর নতুন ও বিস্তৃত নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ আরোপের সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ শীর্ষক বিলে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়েছে।

নতুন আইনের আওতায় ইরানের জ্বালানি খাতের সঙ্গে নির্দিষ্ট বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত বিদেশি কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এর মধ্যে ইরানের পেট্রোলিয়াম ক্রয়, পরিবহন, অর্থায়ন ও বীমার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট পেট্রোলিয়াম প্রকল্পে বিনিয়োগকারীরাও রয়েছেন।

এদিকে, ওয়াশিংটনের নতুন বিধিনিষেধের কঠোর সমালোচনা করেছে ইরান। দেশটি মার্কিন পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে।

অন্যদিকে, নতুন আইনের আওতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ধনকুবেরদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রুশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নতুন মার্কিন নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানকে আরও কঠিন করে তুলবে।