জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে চুক্তি হবে, নাকি আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে তাকে ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার নিউইয়র্কে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে এমন কোনো চুক্তি চান না, যার মাধ্যমে দেশটি পুনর্গঠিত হয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। চুক্তি না হলে ইসলামি প্রজাতন্ত্রকে দ্রুত ধ্বংস করার পথ বেছে নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্পের ভাষণের বড় অংশজুড়ে ছিল ইরান প্রসঙ্গ। তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রায় তিন ঘণ্টা আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকার কথা জানিয়েছেন।

ভাষণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও জাতিসংঘের ভূমিকা নিয়েও বক্তব্য দেন ট্রাম্প। পাশাপাশি কিউবার সরকারের সমালোচনা করেন তিনি।

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, “নাকি আমি ইসলামি প্রজাতন্ত্রকে নিশ্চিহ্ন করে দেব এবং তা দ্রুত করব।” তবে তার এমন হুঁশিয়ারির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।