আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত বন্দরনগরী মোকায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবর দ্য ডনের।
সাবা জানিয়েছে, হামলায় এক নারী ও দুই শিশুসহ ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত আটজনের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।
এদিকে ইয়েমেনের গভর্নিং বডির প্রধান রাশাদ আল-আলিমি হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। আল-আলিমির কার্যালয়ের একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।
সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, রোববার ওই ফোনালাপ অনুষ্ঠিত হয়। সংকটের মধ্যে থাকা ইয়েমেনি সরকারের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি হুথিদের বিরুদ্ধে সহায়তার বিষয়টি আলোচনায় আসে। তবে ট্রাম্প সামরিক সহায়তার কোনো প্রতিশ্রুতি দেননি।








