আজ ১৫ সেপ্টেম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজন ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর এ দিবসটি পালন করা হয়।
সহজ অর্থে জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসনব্যবস্থাই গণতন্ত্র। আধুনিক বিশ্বে রাষ্ট্র পরিচালনার অন্যতম জনপ্রিয় ও গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে গণতন্ত্র বিবেচিত হয়ে আসছে।
গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকেই বাংলাদেশের স্বাধীনতার পথচলা শুরু হলেও স্বাধীনতার পর বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতা, একদলীয় ও সামরিক শাসন, স্বৈরাচার এবং কর্তৃত্ববাদী ব্যবস্থার কারণে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের মানুষের মধ্যে গণতান্ত্রিক অধিকার ও অংশগ্রহণের আকাঙ্ক্ষা নতুন করে সামনে আসে। পরবর্তী সময়ে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় ফেরার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, জনগণের কার্যকর অংশগ্রহণ, রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণ এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ তৈরির মাধ্যমে দেশে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব। তবে এ পথে এখনো রয়েছে নানা চ্যালেঞ্জ।
তাদের মতে, রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধি, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা বজায় রাখা এবং জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ।
সব বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশে একটি কার্যকর, অংশগ্রহণমূলক ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে—আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা।





