বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদা, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা প্রয়োজন। তবে ভারত যে ধরনের সুসম্পর্ক প্রত্যাশা করে, তার প্রতিফলন সবসময় দেখা যায় না। বর্তমানে দুই দেশের যোগাযোগ অনেকটা কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। ভবিষ্যতে পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভারতের সাম্প্রতিক ভূমিকার প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে ভারতের পক্ষ থেকে প্রত্যাশিত ইতিবাচক উৎসাহ দেখা যায়নি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়াও অনুচিত বলে মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্পিকার বলেন, প্রায় দুই বছর অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের শাসনামলে গুম, হত্যা ও দুর্নীতির কারণে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে দেশকে কাঙ্ক্ষিত অবস্থানে ফিরিয়ে নিতে সময় প্রয়োজন। তবে নতুন সরকারের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের কাজ শেষ করার পাশাপাশি সরকারি ও বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। বর্তমানে মানুষ তাদের বাক্স্বাধীনতা ফিরে পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





