নিজস্ব প্রতিবেদক:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে নতুন প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগামীতে স্থানীয় সরকারের এ নির্বাচনগুলো হবে নির্দলীয় প্রতীকে।

ইউপি নির্বাচন বিধিমালা (সংশোধনী) প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীদের জন্য ২০টি, সংরক্ষিত সদস্যদের জন্য ১০টি এবং সাধারণ সদস্যদের জন্য ১২টি প্রতীক রাখা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি হলেও বুধবার (২৩ সেপ্টেম্বর) তা প্রকাশ করা হয়।

চেয়ারম্যান প্রার্থীদের প্রতীকগুলো হলো—কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা, হাঁসসহ অন্যান্য নির্ধারিত প্রতীক।

সংরক্ষিত সদস্য পদে আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার প্রতীক রাখা হয়েছে।

অন্যদিকে সাধারণ সদস্য পদে উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ প্রতীক নির্ধারণ করা হয়েছে।

বাড়ল জামানত, নির্ধারিত ব্যয়সীমা

সংশোধিত বিধিমালায় চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং সাধারণ সদস্য প্রার্থী সর্বোচ্চ ২ লাখ টাকা নির্বাচনি ব্যয় করতে পারবেন।

কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের ১৫ শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

২০ হাজার টাকার বেশি লেনদেনে ব্যাংকিং বাধ্যতামূলক

নির্বাচনি ব্যয়ের জন্য প্রার্থী বা তার এজেন্টকে নির্দিষ্ট ব্যাংক হিসাব ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ২০ হাজার টাকার বেশি কোনো লেনদেন ব্যাংকিং মাধ্যম ছাড়া করা যাবে না।

এ ছাড়া চেয়ারম্যান পদে প্রার্থিতার ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে ১২ ডিজিটের টিআইএন সনদ ও আয়কর রিটার্নের কপি জমা দেওয়ার বিধান করা হয়েছে। হলফনামায় তথ্য উপস্থাপনের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে এবং নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো হয়েছে।

সংশোধিত বিধিমালায় ইউপি নির্বাচন নির্দলীয় প্রতীকে আয়োজনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে দলীয় প্রতীকের পরিবর্তে নির্বাচন কমিশনের নির্ধারিত স্বতন্ত্র প্রতীক নিয়ে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।