বঙ্গভবনের ঐতিহ্যবাহী সিংহ পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাছের উৎপাদন ও বংশবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবন চত্বরে মৎস্য অধিদফতর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি নিজে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, বঙ্গভবনের সিংহ পুকুরে মোট ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬০ কেজি রুই, ১২০ কেজি কাতলা, ৮০ কেজি মৃগেল এবং ৪০ কেজি কালিবাউসের পোনা রয়েছে।

অভ্যন্তরীণ মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের বংশবৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদফতরের মহাপরিচালকসহ রাষ্ট্রপতির কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্তকরণ শেষে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমামের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।