জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তিনি বক্তব্য দেবেন।
এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সাধারণ পরিষদের কার্যক্রমে পাঁচবার বক্তব্য দেন খালেদা জিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারেক রহমানের এবারের ভাষণে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, গণতান্ত্রিক রূপান্তর, বৈশ্বিক শান্তি ও আন্তর্জাতিক সংকটের সমাধান গুরুত্ব পাবে। পাশাপাশি রোহিঙ্গা সংকটকেও সফরের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে।
প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সূত্র: বাসস









