ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। নয় কার্যদিবসের এ সংক্ষিপ্ত অধিবেশনে আইন প্রণয়নের জন্য উত্থাপিত ছয়টি বিলই পাস হয়েছে।

বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতির পক্ষে সমাপনী সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা পাঠের মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানা হয়।

গত ২৭ আগস্ট শুরু হওয়া এ অধিবেশনে মোট নয়টি বৈঠক অনুষ্ঠিত হয়। আইন প্রণয়নের পাশাপাশি তিনটি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে।

অধিবেশনে সংসদীয় কার্যপ্রণালি-বিধির বিভিন্ন বিধির আওতায় সংসদ সদস্যরা জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে নোটিশ দেন। এর মধ্যে ৬৮ বিধিতে জমা হওয়া সাতটি নোটিশের দুটি গৃহীত হয়ে আলোচনা হয়। ৭১ বিধিতে জমা পড়া ১৫টি নোটিশের মধ্যে ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্যের জন্য ১২৪টি নোটিশ, ১৪৭ বিধিতে দুটি নোটিশ এবং ৩০২ বিধিতে একটি নোটিশ পাওয়া যায়।

অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৪৪টি প্রশ্নের নোটিশ জমা পড়লেও তিনি ১৫টির উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে জমা দেওয়া ২ হাজার ৬৭৬টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৭৮টির উত্তর দেওয়া হয়েছে।

সমাপনী বক্তব্যে সংসদে মতপার্থক্যকে গণতান্ত্রিক রীতির অংশ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে সংসদে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।