টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসডিজি অর্জনের পথে বিশ্ব এখনও অনেকটা পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
শুক্রবার জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও ভিডিও বার্তা দেন।
তারেক রহমান বলেন, এসডিজি বাস্তবায়নে এখন কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এবারের অধিবেশনের উচ্চপর্যায়ের কার্যক্রম ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, গণতান্ত্রিক রূপান্তর, বৈশ্বিক শান্তি ও আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের মতো বিষয় গুরুত্ব পেতে পারে। রোহিঙ্গা সংকটও সফরের অন্যতম অগ্রাধিকার হিসেবে থাকছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
জাতিসংঘে ভাষণ দেওয়ার মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এ বৈশ্বিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে তাঁর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অধিবেশনে বক্তব্য দিয়েছেন।
এবারের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।








