আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের শীর্ষ নেতারা এতে বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে সকাল ৮টার দিকে রংপুরের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হওয়ার কথা রয়েছে। পরে রংপুরের জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লংমার্চে এক হাজারের বেশি গাড়ি যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কর্মসূচি ঘিরে ঢাকা থেকে রংপুর পর্যন্ত বিভিন্ন জেলা ও মহানগরে দলগুলোর পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।