জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন অভ্যন্তরীণ রুটে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রয়েছে। নতুন ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাসচালিত যানবাহনে এ ভাড়া কার্যকর হবে না।

এ ছাড়া প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। নতুন ভাড়া নির্ধারণের মাধ্যমে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।