যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি ফ্রায়েড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ নামের দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, এক বন্দুকধারী দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে দোকানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপরজনের পায়ে গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
নিহত রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে বলে জানিয়েছে তাঁর পরিবার।
ঘটনার পর নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
রাজুর মৃত্যুতে স্বজন, সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত বন্দুকধারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কমিউনিটির নেতারা।




