আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সময়ে দেশে মধ্যরাতে বাড়ানো জ্বালানি তেলের মূল্য প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বৃদ্ধি, জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ এবং বেকারত্ব বৃদ্ধির কারণে চরম অস্থিরতা বিরাজ করছে।
এ অবস্থায় নতুন সরকার দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানির মূল্যবৃদ্ধি করেছে বলে উল্লেখ করে সংগঠনটি। তাদের দাবি, জ্বালানির দাম বাড়ানোর ফলে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহন এবং শিল্প উৎপাদনের ব্যয় বাড়বে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
বিবৃতিতে আরও বলা হয়, জনস্বার্থে সরকারের কোথাও ব্যবসা করা এবং কোথাও ভর্তুকি দেওয়া স্বাভাবিক বিষয়। দেশের চলমান আর্থিক সংকটের মধ্যে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতির গতি সচল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে সংকটাপন্ন মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব।
এ কারণে জ্বালানি তেলের বর্ধিত মূল্য জরুরি ভিত্তিতে প্রত্যাহার করে পূর্বের মূল্য বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।




