ভারতে অনুষ্ঠেয় ব্রিকসের অষ্টাদশ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের অষ্টাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনের আয়োজক দেশ ভারত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর কূটনৈতিক প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট নয়। আমন্ত্রণপত্র পাঠানোর প্রক্রিয়াটি কূটনৈতিক শিষ্টাচার ও বাংলাদেশের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এ কারণে শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে সরকার সর্বোচ্চ দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করবে। আন্তর্জাতিক বা আঞ্চলিক সংবাদমাধ্যমের মন্তব্যের ওপর নির্ভর না করে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই সরকার নীতিগত সিদ্ধান্ত নেবে।

প্রতিবেশী ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য নিয়ে নিয়মিত আলোচনা অব্যাহত রয়েছে। তবে এ মুহূর্তে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নতুন আনুষ্ঠানিক অগ্রগতি হয়নি।