ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩৩৩ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে আসাদুজ্জামান (৩৩) এবং উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম (৩২)। আহত শ্রী উদা একই এলাকার মুনষা নারায়ণের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ৩৩৩ নম্বর সীমান্ত পিলারের কাছে ভারতের ৬৩ নম্বর চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল ওই তিনজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান ও মোস্তাকিমের মৃত্যু হয়। আহত শ্রী উদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, বিএসএফের গুলিতে নিহত দুজনই তাঁর এলাকার বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তাদের মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি বিজিবিকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার বিস্তারিত তথ্য জানতে এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।