দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে রয়েছে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, সিসমিক জরিপ, বাপেক্সকে শক্তিশালী করা, পিএসসি ও বিডিং এবং এলএনজি অবকাঠামো সম্প্রসারণ।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৩০টি কূপের কাজ শেষ হয়েছে। এতে জাতীয় গ্রিডে দৈনিক ১৪০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস যুক্ত হয়েছে। চলমান সাতটি কূপের কাজ শেষ হলে আরও ৮৫ এমএমসিএফডি গ্যাস যুক্ত হবে।
তিনি জানান, দেশীয় গ্যাসের নতুন উৎস অনুসন্ধানে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার ২ডি এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ৩ডি সিসমিক জরিপের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বাপেক্সের সক্ষমতা বাড়াতে আরও দুটি রিগ কেনার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া আগামী দুই বছরে এলএনজি আমদানি ৬০০ এমএমসিএফডি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মহেশখালীর কুতুবজোমে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজও এগিয়ে চলছে।



