কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ আজ শনিবার (২২ আগস্ট) দেশে আনা হচ্ছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
মরদেহ সংরক্ষণ থেকে দেশে পাঠানো পর্যন্ত সব ব্যয় বহন করছে বাংলাদেশ উপহাইকমিশন। শুক্রবার রাতে মরদেহগুলো কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড হিমঘরে রাখা হয়।
শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, তাদের সন্তান শর্ণশীষ দত্ত এবং মো. আকরাম আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া সাভারের আহামেদ বাবু ও সাতক্ষীরার এসএম আলিমুজ্জামানের মরদেহও স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
পরে প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্র ও ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) সংগ্রহের পর মরদেহগুলো দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এদিকে নিহত আরেক বাংলাদেশি নাগরিক রেবতী সরকারের মরদেহ পরিবারের আবেদনের পর কলকাতাতেই সৎকার করা হবে।




