জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিসভার কয়েকজন সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাসহ ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল সফরে রয়েছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের শীর্ষ নেতারা।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যারা
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ সদস্যের প্রতিনিধিদল রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব এসব তথ্য জানান। সফরকালে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।




