নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৮৪ জন খুলনা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২০২, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪১, বরিশালে ১৭৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১, রাজশাহী বিভাগে ১২২, ময়মনসিংহে ৮০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১, রংপুরে ৫৪ এবং সিলেটে ১৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৮ হাজার ৪৩০ জন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩৯ জনের।
এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৪৪ হাজার ৮৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।




