ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সিঙ্গাপুর থেকে নিজ দেশে ফেরার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন ভুটানের রাজা। এ সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতিকালে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভকামনা জানান। জবাবে রাষ্ট্রপতি ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হিসেবে ভুটানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করেন।
সাক্ষাতে শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ভুটানের রাজা তাঁর ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎ শেষে ভুটানের রাজা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান।
পরে বিশেষ বিমানে ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক।




