বিলুপ্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নতুন নাম ও পুনর্বিন্যস্ত কাঠামো নিয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) হিসেবে কার্যক্রম শুরু করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে বাহিনীর কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে সব কাজ আজ থেকে শুরু করেছি।’

এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে বাহিনীটির নতুন লোগো ব্যবহার করা হয়। সেখানে র‌্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন লোগো ব্যবহার করতে দেখা গেছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর তা আইনে পরিণত হয়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল বাহিনীটি।

২০০৪ সালের ২৬ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে র‌্যাব গঠিত হয়। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির ভূমিকার পাশাপাশি বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় এবং বাহিনীটি বিলুপ্তির দাবি ওঠে।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাব ও বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর র‌্যাব বিলুপ্তির দাবি জানায় বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি।

এর ধারাবাহিকতায় কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করে র‌্যাবকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার জন্য রাখা হলো।