জাতীয় ডেস্ক:
জাতীয় সংসদ সদস্যদের জন্য বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়ন এবং ‘এথিক্স কমিটি’ গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংস্থাটি। একই সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং কিশোরী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না। তবে সংসদ সদস্যদের নৈতিকতা, ক্ষমতার ব্যবহার ও জনগণের আস্থার বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

সংস্থাটি জানায়, গুরুতর নৈতিক স্খলন ও সংসদ-অবমাননাকর আচরণের ক্ষেত্রে পদ বাতিলের সুস্পষ্ট বিধানসহ সংসদ সদস্যদের জন্য বিশেষায়িত আচরণবিধি প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি বার্ষিক সম্পদ বিবরণী প্রকাশের ব্যবস্থা করারও দাবি জানিয়েছে টিআইবি।