সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ জানাতে আজ সংবাদ সম্মেলন করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১১ দলীয় ঐক্যের নেতাদের দাবি, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে, সংবিধান সংশোধনের জন্য নয়। তাদের মতে, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন জনগণের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ নেবে না জোটভুক্ত দলগুলো।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, এ ইস্যুতে জোটের সংসদ সদস্যরা জাতীয় সংসদে প্রতিবাদ ও ওয়াকআউট করেছেন। তাই বিশেষ কমিটির বৈঠকে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।
আজকের সংবাদ সম্মেলনে বিশেষ কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ও এ বিষয়ে জোটের অবস্থান বিস্তারিত তুলে ধরা হবে।