আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা নির্বাচনী প্রক্রিয়ারই একটি অংশ। তবে নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে হতে হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। নির্বাচনকে সামনে রেখে দলের পূর্ণ প্রস্তুতি রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোট করা হবে না। জামায়াতে ইসলামী নিজস্ব প্রতীকে এককভাবেই নির্বাচনে অংশ নেবে।
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি রয়েছে এবং ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার জন্য জামায়াত প্রস্তুত।









