সুনামগঞ্জের ছাতকে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পথচারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সামনে এ সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ও কলেজ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, নবীনবরণকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরে পৃথকভাবে নবীনদের স্বাগত জানাতে মিছিল বের করলে গোবিন্দগঞ্জ পয়েন্টে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়েছেন। তবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের সময় সড়কে ইটপাটকেল নিক্ষেপের কারণে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ছাতক থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।