রঢাকা-রংপুর লং মার্চে বাধা সৃষ্টি করা হলে তা অতিক্রম করে কর্মসূচি রংপুরের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ জনগণের ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের এ কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের ৯ দফা দাবি মেনে নিয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে—এটাই বিরোধী দলগুলোর প্রত্যাশা। জনগণের মতামত ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

জামায়াতের এই নেতা বলেন, জনগণের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমঝোতার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। পাশাপাশি জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও কৃষি উপকরণের সংকট নিরসন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের লং মার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তবে কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে তা অতিক্রম করে লং মার্চ রংপুরের দিকে এগিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘিরে বিভিন্ন জেলায় প্রস্তুতি ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।