রাজনীতি

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট
- ছবি - ইন্টারনেট

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

এবারের জাতীয় নির্বাচনে দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে জড়িতদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে প্রবাসী ভোটারদের উদ্দেশে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকার জন্যও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে জামায়াত আমির লেখেন, সম্মানিত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসন্ন নির্বাচনে আগামী ২৫ জানুয়ারির মধ্যে আপনি আপনার ভোটাধিকার ইনশাআল্লাহ প্রয়োগ করবেন। দেশে একটি ইতিবাচক পরিবর্তনের জন্য আপনি দুটি মূল্যবান ভোট প্রদান করবেন।

একটি— ৫৪ বছরের ঘুণে ধরা শাসনব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসনে দেশকে ডুবিয়ে দিয়েছে—তার সংস্কারের জন্য গণভোট। সংস্কার ও পরিবর্তন চাইলে আপনি গণভোটে ‘হ্যাঁ’ বলুন।

দ্বিতীয়টি— ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতি ও দুঃশাসনবিরোধী, জনআকাঙ্ক্ষাভিত্তিক একটি বাংলাদেশ গড়ার পক্ষে। সকল প্রকার দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তাদের প্রত্যাখ্যান করুন।

রাজনৈতিক দল হিসেবে সকলেরই ভোট চাওয়ার অধিকার আছে। বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই—২৪-এর জুলাই-পরবর্তী কার্যক্রম বিবেচনায় নিলেই ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীক অবশ্যই আপনি বেছে নেবেন।

মনে রাখবেন, ভোট শুধু আপনার অধিকার নয়; দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য এটি আপনার পবিত্র দায়িত্ব। সবাইকে ধন্যবাদ।