ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের দেশে ফেরাতে ঢাকার পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও নয়াদিল্লির কাছ থেকে এখনো মেলেনি সুনির্দিষ্ট কোনো জবাব। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় চিঠি চালাচালি চললেও বিষয়টি এখনো আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, ভারতে অবস্থানরত আসামিদের ফেরত আনার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের ফেরাতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে দুই দেশের মধ্যে চিঠিপত্র দেওয়া-নেওয়াও অব্যাহত রয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আদালতের রায় প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, রায়টি সদ্য হওয়ায় আদালতের আনুষ্ঠানিক কাগজপত্র হাতে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে আগে পাঠানো চিঠির অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ চলছে। তবে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।
তবে ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ জানতে পেরেছে। তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব না হওয়া পর্যন্ত এ বিষয়ে কূটনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে।





