বিএনপি সরকার ক্ষমতায় আসার ১৮০ দিনে জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোট ২৯টি ক্ষেত্রে বিএনপি সরকার অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই তারা রক্ষা করতে পারেনি।

তিনি বলেন, গ্যাস সংকটের কারণে কারখানাগুলোর উৎপাদন কমেছে। আবার বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলেও ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে বিএনপি সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এ সংকটের জন্য সরকারের কোনো দায় নেই—এমন দাবি গ্রহণযোগ্য নয়। কোনো সংকট দেখা দিলেই বিগত সরকারের ওপর দায় চাপানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।