রাজ টাইমস ডেস্ক:
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির দায়িত্বশীল পর্যায় থেকে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। এর মধ্য দিয়ে দলটি ঢাকা উত্তর ও দক্ষিণ—উভয় সিটিতেই নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।





