সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে করা মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলাটি ২০০৮ সালে গুলশান থানায় করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট ৮০ লাখ টাকায় বিক্রির জন্য মোশাররফ হোসেনের সঙ্গে বিদিশার চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী ৭৫ লাখ টাকা পরিশোধের পরও নির্ধারিত সময়ে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী। পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

বাদীর অভিযোগ, এরপর বিভিন্ন অজুহাতে টাকা ফেরত না দিয়ে সময়ক্ষেপণ করা হয়। মামলায় তাকে হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।