গুমের ঘটনায় বিএনপি আগের মতো আন্তর্জাতিক তদন্ত চাইছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানবাধিকার লঙ্ঘন, বিরোধী মত দমন ও নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, গুমের ঘটনায় বিএনপি বারবার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। কিন্তু এখন তারা দেশের বাহিনীকে দিয়েও তদন্ত করতে দিচ্ছে না। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন দুর্বল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গুমের ঘটনা সঠিকভাবে তদন্ত, মানবাধিকার কমিশনকে কার্যকর করা এবং সাইবার আইন যথাযথভাবে প্রণয়নের আহ্বান জানান এনসিপির এই নেতা।
তিনি বলেন, সরকার জাতীয় সংসদে এমন আইন পাস করছে, যা সংসদকে কলুষিত করছে। গণতান্ত্রিক মৌলিক অধিকারের জন্য আন্দোলন হলেও তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সরকার মিরাজ শেখের গুমের কথা স্বীকার করছে না বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় তারেক রহমানকে নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ন্যাড়া বেলতলা একবার যায়, তারেক রহমান বারবার যায়।’
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের সময়কার দুর্নীতির বিষয়গুলো নিয়ে দুর্নীতি দমন কমিশনকে কাজ করতে হবে। বর্তমান সরকার দুদককে ধ্বংস করে বিরোধীদলের বিরুদ্ধে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।







