ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মীর শাহে আলম বলেন, টেলিভিশনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, নির্বাচন কমিশন কয়েক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। তবে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এমনকি এ নিয়ে কোনো পত্র যোগাযোগও করা হয়নি।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন আয়োজনের সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সঙ্গে বাজেটসহ বিভিন্ন প্রশাসনিক ও বাস্তব বিষয় জড়িত থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাধারণত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়।









