জাতীয় ডেস্ক:
চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য মন্ত্রণালয় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় আড়াই হাজার কোটি টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

এদিকে স্থানীয় সরকারের বিভিন্ন অফিস, দফতর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম।

তিনি বলেন, দেশের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। এ প্রকল্পে ব্যয় হবে ৩৭০ কোটি টাকা। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রীর তথ্যমতে, ছাদে স্থাপিত সোলার প্যানেল থেকে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এর মধ্যে ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করবে এবং বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করা হবে।