চলতি অর্থবছরের মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন ও সম্পন্ন করতে চায় সরকার। এ জন্য চলতি অর্থবছরের বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষণ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। তবে রাজনৈতিক দলগুলো প্রার্থীদের সমর্থন দিতে পারবে।

তিনি বলেন, তফসিল ঘোষণা, ভোটকেন্দ্র নির্ধারণ, প্রিসাইডিং অফিসার নিয়োগসহ পুরো নির্বাচনী প্রক্রিয়া নির্বাচন কমিশন পরিচালনা করবে। কমিশন প্রস্তুতি শেষ করলে তফসিল ঘোষণা করতে পারবে। পরে স্থানীয় সরকার ও অর্থ বিভাগ আলোচনা করে কোন নির্বাচন আগে ও কোনটি পরে হবে, তা নির্ধারণ করবে।