বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতির সঙ্গে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি। জনগণের গণরায় সরকার উপেক্ষা করেছে।’ বিল পাসের সময় জামায়াত তাদের মতামত জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি বিষয় ছাড়া তাদের মতামত আমলে নেওয়া হয়নি।
রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ভোটের জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
তিনি বলেন, নির্বাচনের ফলাফল পাকিস্তানের শাসকগোষ্ঠী মেনে না নেওয়ায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। জনগণের ভোটের রায় সরকার উপেক্ষা করলে তারা তা মেনে নেবেন না।
সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংস্কারগুলো বাস্তবায়ন হলে কোনো সরকার স্বেচ্ছাচারিতা করার সুযোগ পাবে না। সরকার সংস্কার বাস্তবায়ন না করলেও জনগণের রায় থেকে তারা সরে দাঁড়াবেন না।
সরকারের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘সরকার ভালো কাজ করলে আমরা সমর্থন করব, খারাপ কাজ করলে তার বিরোধিতা করব এবং প্রতিরোধ গড়ে তুলব।’
র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সিদ্ধান্তেরও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, র্যাব জাতির সঙ্গে চরম অন্যায় করেছে। এ কারণে তারা র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছিলেন। কিন্তু পুরোনো সদস্য ও আগের কার্যক্রম বহাল রেখেই নতুন মোড়কে এসআরবি গঠন করা হয়েছে।
এ ছাড়া সম্পদ বণ্টন আইন নিয়েও আপত্তি জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘কোরআনের বিপরীতে তারা সম্পদ বণ্টন আইন করেছে। এমন দুঃসাহস ইংরেজরাও করেনি।’




